হোয়াইটওয়াশ নিয়ে যা বললেন সাকিব

আফগানিস্তানের সাথে সান্ত্বনার জয়ের লক্ষ্যে মাঠে নেমেও পারল না বাংলাদেশ। হোয়াইটওয়াশ লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হলো তাদের। পুরো সিরিজ জুড়েই বাংলাদেশ তেমন চোখে পড়ার মতো পারফরম্যান্স করেছে খুবই কম। তাই তো ম্যাচ শেষে অধিনায়কের কথায় ফুটে উঠলো হতাশা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেন, ‘আগের দুই ম্যাচের চেয়ে আমরা ভালো খেলেছি। তবে সিরিজটা আমরা যেভাবে খেলেছি, অবশ্যই খুবই হতাশার। আরও ভালো পরিকল্পনা নিয়ে নামতে হবে আমাদের।’
গতকালের ম্যাচ নিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘তাদেরকে অল্প রানে আটকে রাখতে পেরেছিলাম। বিশ্বাস ছিল, এই রান তাড়া করার মতো ব্যাটিং আমাদের আছে। দূর্ভাগ্যজনক ভাবে পারিনি। আজকে অনেক কাছে গিয়েছিলাম। কিন্তু মাঝের কিছু ওভারে মাত্র ৩-৪ রান করে হয়েছে। এটার মূল্য দিতে হয়েছে।’
মিডল অর্ডারে মুশফিক ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং অবশ্য প্রশংসা পেয়েছে অধিনায়কের। তিনি বলেন, ‘মাহমুদউল্লাহ ও মুশফিক ভালো খেলেছে। দুর্ভাগ্যজনকভাবে শেষ করতে পারেনি। টি-টোয়েন্টি ক্রিকেটে এমনটি হতেই পারে। ’
কন্ডিশন নিয়েও সন্তুষ্টু ছিলেন না বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। দেরাদুনের কন্ডিশন বাংলাদেশের মতো নয় যেটিও একটি গুরুত্বপূর্ণ কারণ ছিলো বলে মনে করেন। আর উইকেটের সুবিধা কাজে লাগিয়ে আফগান স্পিনারা যে সুবিধা নিয়েছে সেটিকে কৃতিত্ব দিতেও ভুল করলেন না। আর সবগুলো সেক্টরের উন্নতির তাগিদ অনুভব করছেন বলেই জানালেন।




