ইয়াসিরের ঘূর্ণি যাদুতে সিরিজ পাকিস্তানের

আবুধাবিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইয়াসিরের ঘূর্ণি যাদুতে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। এই পাকি লেগস্পিনারের বোলিং জাদুতে দ্বিতীয় টেস্টে ১৩৩ রানের দুর্দান্ত জয় পেয়েছে পাকিস্তান।
ঘূর্ণি জাদুকর ইয়াসির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ইনিংস খেলে নিয়েছেন মোট ১০টি উইকেট। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ইউনিস খান পাকিস্তানের হয়ে খেলেন ১২৭ রানের একটি ঝলমলে ইনিংস। সেঞ্চুরির কাছাকাছি যেয়েও শেষ পর্যন্ত সেঞ্চুরির দেখা পাননি অধিনায়ক মিসবাহ। দুর্ভাগ্যবশত ৯৬ রানের মাথায় আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। পাকিস্তানের আসাদ শফিক করেছেন ৬৮, সরফরাজ আহমেদের উইলো থেকেও এসেছে মূল্যবান ৫৬টি রান। প্রথম ইনিংসে সবমিলিয়ে ৪৫২ রানের বড় সংগ্রহ করে পাকিস্তান।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে ৫ উইকেট নেন শ্যানন গ্যাব্রিয়েল। জ্যাসন হোল্ডার পেয়েছেন তিন উইকেট। জবাবে ব্যাট করতে নেমে কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারেনি ক্যারিবীয়রা। ভাল করতে পারেন নি কেউই। অর্ধশতকের দেখাও পাননি কেউ। পাকিস্তানি বোলারদের হাতে একের পর আউট হয়েছেন। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ২২৪ রানে। স্পিনার ইয়াসির শাহ নিয়েছেন চারটি, রাহাত আলী তিনটি আর সোহেল খান দুটি উইকেট নিয়েছেন।
১ম ইনিংসে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ওপেনার সামি আসলাম ৫০, আজহার আলীর ৭৯, আসাদ শফিকের ৫৬ এবং ইউনিসের ব্যাট থেকে আসা ২৯ রান মিলিয়ে ২২৭ রান তুলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান।
৪৫৬ রানের পাহাড়সমান লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২৮ রানেই লিওন জনসনের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ৩৫ রান যোগ হতেই আউট হয়ে যান ড্যারেন ব্রাভো। মারলন স্যামুয়েলস-এর ব্যাটও হাসেনি। তবে কার্লোসব্রাথ উইকের ৬৭ আর ব্লাক উডের ৯৫ রানে কোন রকমে বড় পরাজয় এড়ায় ওয়েস্ট ইন্ডিজ।
ইয়াসিরের ঘূর্ণি জাদুতে ওয়েস্ট উইন্ডিজ সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩২২ রান। পুরো সিরিজে দুর্দান্ত বল করা পাকি লেগস্পিনার ইয়াসির শাহ নেন ৬টি উইকেট। আর দুটি উইকেট নেন জুলফিকার বাবর। রাহাত আলী ও মোহাম্মদ নওয়াজও একটি করে উইকেট পান।




