বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় : সাত বিভাগে শিক্ষক নিয়োগ স্থগিত

আদিব হোসাইন : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাত বিভাগে নতুন করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চার মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় সিলেকশন বোর্ড কর্তৃক মনোনীত শিক্ষকদের নিয়োগের নির্দেশ কেন দেয়া হবেনা তা জানতে শিক্ষা সচিব, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, রেজিস্ট্রারসহ চারজনের কাছে জবাব চেয়ে রুল জারি করেছে আদালত।
সোমবার (২১ এপ্রিল) এক আবদেনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী হাসনাত কাইয়ুম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।
অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাতটি বিভাগে এক বছর আগে শিক্ষক নিয়োগের সাক্ষাৎকার নেওয়া হলেও কাউকে নিয়োগ দেওয়া হয়নি। সম্প্রতি ওই বিভাগগুলোতে শিক্ষক নিয়োগের জন্য নতুন করে বিজ্ঞপ্তি দেওয়া হয়। ওই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্চ করে মনজুর আরিফসহ তিনজন হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের শুনানি নিয়ে আদালত সোমবার এ আদেশ দেন।
শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত বিভাগ সাতটি হলো বাংলা, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইলেক্ট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন, দুর্যোগ ব্যবস্থাপনা ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং।




