চূড়ান্ত লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, পাকিস্তানপন্থা ও বাংলাদেশপন্থার রাজনৈতিক বিরোধের অবসান না হলে বাংলাদেশ এগুবে না। দেশের এই পরিস্থিতিতে শেখ হাসিনা বা খালেদাকে এক পাল্লায় মাপা, শেখ হাসিনা ও খালেদা জিয়া থেকে সমদূরত্বে থাকা, তৃতীয় পথ, মধ্যপন্থা ইত্যাদি আত্মঘাতি রাজনৈতিক কৌশল পরিত্যাগ করতে হবে।
নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ জাতীয় কমিটির সভার স্বাগত বক্তব্যে পাকিস্তানপন্থাকে পরাজিত করার চূড়ান্ত রাজনৈতিক লড়াইয়ে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি।
ইনু আরো বলেন, ‘বিএনপি পাকিস্তানপন্থার পক্ষে প্রকাশ্য রাজনৈতিক অবস্থান নেয়ায় পাকিস্তানপন্থা, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা বাংলাদেশের জন্য মহাবিপদ হিসাবে বিরাজ করছে।’
তিনি বলেন, ‘২০১৮ সালের মধ্যেই পাকিস্তানপন্থাকে রাজনীতি ও নির্বাচনের মাঠে চূড়ান্ত পরাজিত করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে যে চমৎকার উন্নয়ন হয়েছে তা এগিয়ে নিতে, রাজনীতিতে আরো গুণগত পরিবর্তন আনতে শেখ হাসিনার ভাবমূর্তি বিনষ্টকারী দুর্নীতিবাজ-লুটেরা ঘরকাটা ইঁদুরদের দমন করতে, বৈষম্যের অবসান করে রাজনীতি ও অর্থনীতিকে সুশাসনের পথে এগিয়ে নিতে জাসদ ও ১৪ দলের নেতা-কর্মীদের সোচ্চার হবার জন্য আহ্বান জানান।
হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় কমিটির সভায় বক্তব্য দেন- দলের সাধারণ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি এড. রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, রেজাউল করিম তানসেন এমপি, সাবেক সংসদ সদস্য এড. শাহ জিকরুল আহমেদ, আব্দুল হাই তালুকদার, এড. হাবিবুর রহমান শওকত প্রমূখ।




