
ভারতের অরুণাচল প্রদেশে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে বিক্ষুব্ধ নারীরা দুই ধর্ষককে নগ্ন করে রাস্তায় ঘুরিয়েছে। বৃহস্পতিবার ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ঘটনায় জড়িত আরও দুই ধর্ষক পলাতক রয়েছেন বলেও জানিয়েছেন পুলিশের উপ-মহাপরিদর্শক(কেন্দ্রীয় রেঞ্জ) জন নেইহালাইয়া।
তিনি বলেন, রোববার রাত সাড়ে ৮টার দিকে ইংকিওং থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে নির্মাণাধীন গান্ধী ব্রিজের কাছে ১৭ বছর বয়সী স্কুলছাত্রীকে তার বয়ফ্রেন্ডসহ চারজন ধর্ষণ করেন। পরেরদিন পুলিশ ঘটনাটি জানতে পারে।
সোমবার ধৃত দুই ধর্ষককে পুলিশের হাতে সোপর্দ করার আগে প্রদেশটির আপার সিয়াং জেলার ইংকিওং মার্কেট এলাকার রাস্তায় ঘুরিয়ে ব্যাপক মারধর করা হয়। অভিযুক্তরা পংকং গ্রামের বাসিন্দা।
জন নেইহালাইয়া বলেন, পলাতক দুই ধর্ষককে আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে পুলিশের একটি দল জেংগিংয়ে পাঠানো হয়েছে।
অরুণাচলের স্বরাষ্ট্রমন্ত্রী কুমার ওয়াই ঘটনাটি দুর্ভাগ্যজনক উল্লেখ করে অভিযুক্তদের আইনের আওতায় আনতে সবার সহযোগিতা চেয়েছেন। এছাড়া তিনি অল্প বয়সীদের অপরিচিত লোকের সঙ্গে অপরিচিত জায়গায় এবং রাতের বেলায় বেড়াতে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।




