অস্ট্রেলিয়ার বল টেম্পারিংয়ের গোমড় ফাঁস করলেন যিনি

ক্রিকেটবিশ্বে এখন আলোচনা একটাই- অস্ট্রেলিয়ার বল টেম্পারিং। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে বল টেম্পারিং করেন ক্যামেরন ব্যানক্রফট। এই ঘটনা পরে স্বীকার করেন অধিনায়ক স্টিভেন স্মিথ। জানান, পুরো দলই এই ঘটনার সাথে জড়িত। ফলে নিন্দার ঝড় উঠে বিশ্বজুড়ে। যার জেরে পদত্যাগ করেন স্মিথ। সাথে সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নারও। এখন প্রশ্ন উঠা স্বাভাবিক কে গোমড় ফাঁস করেছিলেন এই বল টেম্পারিং কাণ্ডের?
জানা গেছে সেই ব্যক্তির নাম। তিনি দক্ষিণ আফ্রিকার সাবেক বোলার ও ধারাভাষ্যকার ফানি ডি ভিলিয়ার্স। সোমবার একটি রেডিওতে সাক্ষাৎকারে তিনি এই রহস্য উন্মোচন করেন।
জানান, গত শনিবারের ঘটনা আগেই আঁচ করতে পেরেছিলেন তিনি। তাই চোখে চোখে রাখছিলেন অস্ট্রেলিয়ার বোলারদের। তাদের সন্দেহজনক আচরণের পর কিভাবে ক্যামেরা অপারটেরদের তিনি নির্দেশ দিয়েছিলেন সেই কথাও বিস্তারিত বলেন।
ফানি ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি আগেই বলে রেখেছিলাম, যদি দেখো ২৬, ২৭ ও ২৮তম ওভারে রিভার্স সুইং হচ্ছে তাহলেই বুঝবে ওরা কিছু করেছে, যা অন্যদের বেলায় হয় না।’
আএসএন রেডিওকে দেয়া সাক্ষাৎকারে ৫৩ বছর বয়সী এই সাবেক প্রোটিয়া বোলার বলেন, ‘আমরা আসলে ক্যামেরাম্যানদের বলে রেখেছিলাম, যাও ওদের চোখে চোখে রাখো। তারা সন্দেহজনক কিছু ব্যবহার করছে।’
তিনি বলেন, ‘তারা ঘণ্টাখানেক দেখে এবং পরে তারা ব্যানক্রফটকে অনুসরণ করা শুরু করে।এবং পরে হাতেনাতে তাকে ধরে।’
মাঠে সেদিন কী ঘটেছিল?
৪৩তম ওভারের ঘটনা। বল নিয়ে সন্দেহজনক কিছু একটা করতে দেখা যায় ব্যানক্রফ্টকে। ভিডিও ফুটেজে ব্যানক্রফ্টকে ট্রাউজারে বল ঘষতে দেখা যায়। বলের একটা দিক চকচকে রাখতে বোলাররা এটা করে থাকেন।
কিন্তু দ্বিতীয় ভিডিও ফুটেজ সবার চোখ কপালে তুলে দেয়। ওই ফুটেজে অসি ফিল্ডারকে পকেট থেকে একটা হলুদ রঙের চিপের মতো জিনিস বের করতে দেখা যায়। দুই ফিল্ড আম্পায়ার নাইজেল লঙ এবং রিচার্জ ইলিংওয়ার্থ বিষয়টি দেখে ব্যানক্রফ্টের সাথে কথা বলেন। আম্পায়াররা অবশ্য বল বদল করেননি।
আম্পায়ারদের হস্তক্ষেপের আগেই প্রোটিয়া অধিনায়ক ফাফ ডুপ্লেসি ড্রেসিংরুমে ঘটনাটি দেখে দলের সহ খেলোয়াড়দের জানান।
খেলা শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক স্মিথ স্পষ্ট বলেন, ‘বল বিকৃত করাটা তাদের রণকৌশলে ছিল। লিডারশিপ গ্রুপও বিষয়টি পুরোপুরি জানত। টেস্ট জিততে মরিয়া থাকায় বাধ্য হয়েই এমন কাজ করেছে তার দল।’
টাইমস অব ইন্ডিয়া



