রাজনীতি

দলের নেতাদের কাছে দেশবাসীর জন্য যে বার্তা দিলেন খালেদা জিয়া

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- ঢাকা কেন্দ্রীয় কারাগারে ভালো আছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি সুস্থ আছেন, তাঁর মনোবল আগের চেয়ে শক্ত আছে, তাঁর মনোবল অত্যন্ত উঁচু। আমরা বিকেল ৩টা ১৫ মিনিটে তাঁর সাথে দেখা করেছি। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মির্জা ফখরুলসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা খালেদা জিয়ার সাথে দেখা করতে আজ বেলা সোয়া ৩টার দিকে কারাগারে প্রবেশ করেন। সোয়া এক ঘণ্টা সাক্ষাৎ শেষে তাঁরা বিকেল সাড়ে ৪টার দিকে বের হয়ে আসেন। বুধবার বিকেলে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, তিনি সাহসিকতার সাথে সব প্রতিকূল পরিবেশ মোকাবিলা করছেন। খালেদা জিয়া আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে বলেছেন, সবার শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেশে সত্য প্রতিষ্ঠিত হবে। আর তাই দেশ ও গণতন্ত্রের স্বার্থে তিনি যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছেন।
বিএনপির মহাসচিব জানান, খালেদা জিয়াকে মুক্ত করতে আইনি লড়াইয়ের পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। বিএনপি চেয়ারপারসন সবাইকে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে বলেছেন।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করতে যে নেতারা প্রবেশ করেন তাঁরা হলেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button