গুঞ্জন নিয়ে মুখ খুললেন তাসকিন

একটি নিউজ পোর্টালে বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদকে নিয়ে মিথ্যা খবর প্রচার করা হয়েছে। তাতে বলা হয়, স্ত্রী সৈয়দা রাবেয়া নাঈমাকে নাকি মারধর করেছেন তাসকিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি দ্রুত ছড়িয়ে পড়ার পর তার কাছে অনেক ফোন আসছে এবং এ ব্যাপারে জিজ্ঞেস করা হচ্ছে। এতে মর্মাহত ও ক্ষুদ্ধ এই তরুণ স্পিডস্টার।
এ নিয়ে শুক্রবার বিকেলে নিজের ফেসবুক ফেরিফাইড পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন তাসকিন। তিনি বলেছেন, ‘একটা বিষয় আমাকে এবং আমার পরিবারকে খুব মর্মাহত করেছে। আপনাদের দোয়ায় আমি ও আমার সহধর্মিণী নাঈমা ভালো আছি আর এভাবেই ভালো থাকতে চাই আপনাদের দোয়ায়।
গণমাধ্যম আমাকে সব সময় সহযোগিতা করেছে এই জন্য আমি কৃতজ্ঞ। জাতীয় দলের বাইরে থাকায় আমার মন স্বাভাবিকভাবেই কিছুটা খারাপ, জাতীয় দলে ফিরতে যখন আমি নিজের পারফরমেন্স নিয়ে চিন্তিত তখন কোন এক গণমাধ্যম আমার এবং নাঈমার সংসার জীবন নিয়ে নেতিবাচক মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করছে। যে কারণে আমার পরিবারকে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে সমাজের কাছে।
দয়া করে আমার এবং আমার পরিবারকে বুঝবেন। সবার কাছে আমার চাওয়া আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন সকল প্রতিবন্ধকতা পেরিয়ে যেন আবার জাতীয় দলে ফিরে আসতে পারি…।’




