উপমহাদেশশিরোনাম

এত হীরা-জহরত কোথায় পেলেন শশিকলা?

তামিল নাড়ুর শীর্ষ রাজনীতিক ভিকে শশিকলার পরিবারের সদস্য ও তাদের পরিচালিত জয়া টেলিভিশনের নামে এক হাজার ৪৩০ কোটি রুপি ‘অঘোষিত আয়ের’ তথ্য পাওয়ার কথা জানিয়েছেন ভারতের আয়কর কর্মকর্তারা। যাদের নামে এই বিপুল পরিমাণ অপ্রকাশিত আয়ের তথ্য মিলেছে বলে অভিযোগ, তাদের মধ্যে শশিকলার ভাই ভিকে দিবাকরণও আছেন।
বিভিন্ন জায়গায় পাঁচ দিন ধরে চালানো অভিযানে আয়কর কর্মকর্তারা নগদ ৭ কোটি রুপি, ৫ কোটি রুপি মূল্যের সোনা ও হীরা জহরতের একটি বড় সংগ্রহ উদ্ধারের কথাও জানিয়েছেন। উদ্ধার হীরার মূল্য জানতে এই বিষয়ে বিশেষজ্ঞদের ডাকা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা। অভিযান শেষে এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ‘হিসাবের বাইরে থাকা আয়ের পরিমাণ অবশ্যই এক হাজার ৪৩০ কোটি রুপির থেকেও বেশি। দেশের বিভিন্ন স্থানে যে বিপুল পরিমাণ অর্থ জড়ো করে রাখা হয়েছে, এটা তার প্রমাণ।’
শশিকলার পরিবারের সদস্যদের পরিচালিত বেশ কয়েকটি শেল কোম্পানিরও সন্ধান পেয়েছেন আয়কর কর্মকর্তারা। মিলেছে অসংখ্য ‘সন্দেহজনক নথি’। শশিকলার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের লক্ষ্য করেই পাঁচ দিনের এই অভিযান চালিয়েছিল আয়কর বিভাগ।
গত বছর মারা যাওয়া তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শশিকলা অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাজাঘাম (এআইএডিএমকে) দলের সাধারণ সম্পাদক। দুর্নীতি, মুদ্রা পাচার ও অসামঞ্জস্যপূর্ণ সম্পদের অভিযোগে চলতি বছরের শুরুতে ভারতের সুপ্রিম কোর্ট তাকে চার বছরের কারাদণ্ড দেয়।
এনডিটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button