বিপিএলে ৭ দলের সাত কোচ
আর মাত্র ১০ দিন, এরপরই পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের। এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলো স্কোয়াড সাজিয়ে নিয়েছে বেশ আগেই। তারও আগে দলে নিয়োগ দেয়া হয়েছে কোচ। তবে আগের আসরগুলোর মতো এবার বিদেশি কোচে আগ্রহ কম ফ্র্যাঞ্চাইজিদের।
ক্রিকেট বোদ্ধাদের বড় একটি অংশ মনে করেন, বিদেশি কোচের চেয়ে দেশি কোচ দিয়ে কাজ করানো ভালো। তবে আরেক পক্ষ মনে করেন, দেশি কোচদের পেশাদারিত্ব আর টেকনিক বিদেশিদের মতো নয়।
পক্ষে-বিপক্ষে যুক্তি থাকলেও এবারের বিপিএলে মাত্র দুটি দল বিদেশি কোচের ওপর ভরসা রেখেছে। বাকি পাঁচটি দলেই দেশি কোচ। এদের মধ্যে দু’জনের বিপিএলে অভিষেকও হতে যাচ্ছে।
গত আসরে বিদেশি কোচ ছিলেন শুধু ডেভ হোয়াটমোর ও স্টুয়ার্ট ল। দু’জনই ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ। বরিশাল বুলসের হয়ে কাজ করেছিলেন হোয়াটমোর, খুলনায় ছিলেন স্টুয়ার্ট ল। এবার দু’জনের কেউই নেই।
আর্থিক সঙ্কট দেখিয়ে পঞ্চম আসর থেকে নাম প্রত্যাহার করেছে বরিশাল।
এবার বিদেশী কোচ নিয়েছে দুটি দল। খুলনার কোচ হয়েছেন মাহেলা জয়াবর্ধনে। আর রংপুর রাইডার্সে টম মুডি।
বিপিএলের এবারের আসরের কোচরা হলেন :
ঢাকা ডায়নামাইটস : খালেদ মাহমুদ
রাজশাহী কিংস : সারোয়ার ইমরান
চিটাগং ভাইকিংস : নুরুল আবেদীন
রংপুর রাইডার্স : টম মুডি
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : মোহাম্মদ সালাউদ্দিন
খুলনা টাইটান্স : মাহেলা জয়াবর্ধনে
সিলেট সিক্সার্স : জাফরুল এহসান




