শিক্ষাশিরোনাম

শিক্ষাবোর্ডই ফাঁস করল প্রশ্নপ্রত্র!

যশোর শিক্ষাবোর্ডের অনলাইনে চালু প্রশ্নব্যাংক পদ্ধতি প্রথম দিনেই ব্যর্থ হয়েছে। বোর্ডের ওয়েবসাইটের উম্মুক্ত নোটিশ বোর্ডে প্রশ্নপত্র আপলোড করা হয়েছে। গোপনীয়তা বজায় রেখে প্রশ্নপত্র সরবরাহ করার নিয়ম থাকলেও তার ব্যত্যয় ঘটেছে। শিক্ষাবোর্ড নিজেই প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে।
সূত্র জানায়, এবার এসএসসি নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র প্রথমবারের মতো অনলাইনে পৌঁছে দেয়ার উদ্যোগ নেয় যশোর শিক্ষাবোর্ড। প্রশ্ন ব্যাংক পদ্ধতির অংশ হিসেবে এই উদ্যোগ। কথা ছিল সার্ভারে আপলোড করা প্রশ্নপত্র স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রধানরা পাসওয়ার্ডের মাধ্যমে ওপেন করে প্রিন্ট দেবে। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এ পদ্ধতি চালু করা হয়। তবে সার্ভারের সমস্যার কারণে এসএসসি নির্বাচনী পরীক্ষার বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র যশোর শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ‘ফাঁস’ হয়েছে। বুধবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার আধা ঘণ্টা আগেই নোটিশ বোর্ডে (সব ভিজিটরই দেখতে পারেন) আপলোড করা হয় প্রশ্নপত্র। এরপর প্রতিষ্ঠান প্রধানেরা প্রশ্নপত্র প্রিন্ট দিয়ে পরীক্ষা নিয়েছে।
জানা গেছে একদিকে প্রশ্ন ফাঁস, অন্যদিকে দেরিতে প্রশ্নপত্র সরবরাহ করায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। বোর্ডের আওতাধীন ১০ জেলায় প্রায় আধাঘণ্টা দেরিতে পরীক্ষা শুরু হয়। নতুন পদ্ধতিতে প্রশ্নপত্র সরবরাহ করতে গিয়ে গুলিয়ে ফেলেছে বোর্ড কর্তৃপক্ষ। বোর্ড কর্তৃপক্ষ ঘোষণা অনুযায়ী বুধবার সকাল ৭টা থেকে ৯টার মধ্যে সার্ভারে প্রশ্নপত্র আপলোডে ব্যর্থ হয়। প্রতিষ্ঠান প্রধানরা সকাল সাড়ে ৯টা পর্যন্ত অপেক্ষা করেও প্রশ্নপত্র হাতে পাননি। এরপর তারা বোর্ডে যোগাযোগ করলে জানানো হয়, সার্ভার সমস্যার কারণে বোর্ডেও ওয়েবসাইটের উম্মুক্ত নোটিশ বোর্ডে প্রশ্নপত্র আপলোড করা হয়েছে। সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট দিয়ে পরীক্ষা নিতে হবে।
একাধিক শিক্ষক ও অভিভাবক জানান, বোর্ডের চরম অব্যবস্থাপনার একটি দৃষ্টান্ত এটি। নতুন পদ্ধতি চালুর আগে বিষয়টি নিয়ে আরও সচেতন হওয়া জরুরি ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, ঘোষণা অনুযায়ী সকাল ৭টা থেকে ৯টার মধ্যে সার্ভারে প্রশ্নপত্র পাওয়ার কথা। সার্ভারে নক করলে প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বরে একটি পাসওয়ার্ড আসবে। সেটি দিলে প্রশ্নপত্র ওপেন হবে। কিন্তু আজ সকাল ৯টা ৪৫ মিনিট পর্যন্ত সার্ভারে প্রশ্নপত্র পাওয়া যায়নি। তারা বলেন, বোর্ডে যোগাযোগ করলে জানানো হয় ওয়েবসাইটের নোটিশে আপলোড করা হয়েছে। সেখান থেকে আমরা প্রশ্নপত্র ডাউনলোড দিয়ে দিয়েছি। সকাল ১০টা ১৫ মিনিটে পরীক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র দিতে পেরেছি।
যশোর শিক্ষা বোর্ডেও পরীক্ষা নিয়ন্ত্রক মধাব চন্দ্র রুদ্র বলেন, সার্ভারে সমস্যা থাকায় বাধ্য হয়ে ওপেন নোটিশ বোর্ডে প্রশ্নপত্র আপলোড করা হয়। পরীক্ষার অল্প সময় আগে প্রশ্নপত্র আপলোড করা হয় বলে জানান তিনি। পরবর্তীতে এ সমস্যা হবে না বলে জানান তিনি।
সুত্র : নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button