জাতীয়শিরোনাম

মতিঝিল-আবদুল্লাহপুর রুটের বাসে ‘র‌্যাপিড পাস’ কার্ড চালু

রাজধানীর মতিঝিল-আবদুল্লাহপুর রুটের দু’টি শীতাতপনিয়ন্ত্রিত পরিবহনে ‘র‌্যাপিড পাস’ কার্ড চালু হয়েছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) কার্ডটি তৈরি করেছে। সম্পতি আনুষ্ঠানিকভাবে বাসের টিকিটিং এর এ পদ্ধতি চালু হয়েছে। ইতিমধ্যে যাত্রীরা ‘র‌্যাপিড পাস’ কার্ড ব্যবহার করে যাতায়াত করছেন। এই কার্ড ব্যবহারের মাধ্যমে যাত্রীরা টিকিটের জন্য লম্বা সারিতে দাঁড়িয়ে থাকার ঝক্কি থেকে মুক্তি পাবেন। এতে সময় বাঁচার পাশাপাশি ভাড়ার জন্য নগদ টাকা রাখারও দরকার হবে না।
ডিটিসিএ সূত্রে জানা গেছে, গণপরিবহনব্যবস্থায় সমন্বিত ই-টিকিটিং পদ্ধতি চালুর লক্ষ্যে ২০১৪ সালে সরকার একটি প্রকল্পের অনুমোদন দেয়। এই প্রকল্পের আওতায় র‌্যাপিড পাস সেবা চালু করা হয়। এতে আর্থিক সহায়তা দেয় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।
জানা গেছে, ‘র‌্যাপিড পাস’ কার্ড ডেবিট কার্ডের মতো অত্যাধুনিক সার্কিটনির্ভর কার্ড। ডাচ্-বাংলা ব্যাংক ও বিআরটিসির নির্ধারিত কাউন্টার থেকে এই কার্ড কেনা যাবে ও কার্ডে নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করা যাবে। কার্ডটি ব্যবহারের জন্য বাসে চালকের পাশে একটি যন্ত্র রয়েছে। কার্ডধারী যাত্রী বাসে ওঠার সময় একবার এবং বাস থেকে নামার সময় একবার যন্ত্রের নির্দিষ্ট স্থানে কার্ডটি স্পর্শ করাবেন। বাস থেকে নামার সময় যন্ত্রে কার্ড স্পর্শ করানোর পর যন্ত্র থেকে রসিদ বের হবে। এতে ভাড়া ও কার্ডের ব্যালেন্স উল্লেখ করা থাকবে। এই কার্ডের প্রাথমিক মূল্য ৪০০ টাকা। এর মধ্যে ২০০ টাকা রিচার্জ হিসেবে কার্ডে জমা থাকবে। ব্যবহারকারীরা একবার সর্বোচ্চ ১ হাজার টাকা ও সর্বনিম্ন ১০০ টাকা রিচার্জ করতে পারবেন। আবার ব্যবহারের সময় কার্ডে পর্যাপ্ত টাকা না থাকলেও একবার কার্ডটি ব্যবহার করা যাবে। এ ক্ষেত্রে পরবর্তী রিচার্জ থেকে টাকা স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করা হবে। ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button