
ভারতের মহারাষ্ট্রের ঈশ্বরী দেবী (২১) নামে এক নারী দেশটির অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা প্রতিষ্ঠান ওলা ক্যাব এর মধ্যেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, ২ অক্টোবর সোমবার সকালে ঈশ্বরীর প্রসব যন্ত্রণা উঠলে কমলা নেহরু হাসপাতালে নেওয়ার পথে এই ঘটনাটি ঘটে।
ঈশ্বরী দেবীর স্বামী রমেশ সিং বিশ্বকর্মা জানান, চিকিৎসক তাদের ২৪ তারিখ সম্ভাব্য সন্তান প্রসবের তারিখ দিয়েছিলেন। কিন্তু ২ অক্টোবর সোমবার সকালেই ঈশ্বরীর খুব পেটে ব্যথা শুরু হলে তাকে হাসপাতালে যাওয়ার জন্য ট্যাক্সি ক্যাব ওলা ঠিক করেন তার স্বামী। এ সময় ট্যাক্সিতে তার মা ও ছোট ভাই ছিলেন। কিন্তু বাড়ি থেকে হাসপাতাল নেয়ার পথে ছেলে সন্তান প্রসব করেন ইশ্বরী।
এদিকে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে মোবাইলে আগেই জানিয়ে রাখায় হাসপাতালের বাইরে উপযুক্ত ব্যবস্থা রাখা ছিল। পরে হাসপাতালে পৌঁছাতেই শুরু হয়ে যায় সদ্যজাত শিশু এবং মা-এর চিকিৎসা।
৫ অক্টোবর বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে মা এবং সন্তানকে। এখন দু’জনেই সুস্থ রয়েছে।




