বিনোদন

কুনাল-সোহার মেয়ের নাম প্রকাশ

গত ২৯ সেপ্টেম্বর বলিউড তারকা সোহা আলী খানের কোলজুড়ে জন্ম নেয় মেয়েসন্তান। আর তাতেই খুশির বন্যা বয়ে যায় সোহার ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও পতৌদি পরিবারে। অন্যদিকে টুইটারে পোস্ট দিয়ে নিজের খুশি প্রকাশ করেন সোহার স্বামী ও বলিউড তারকা কুনাল খেমু। এবার নতুন একটি পোস্ট টুইটারে শেয়ার করেছেন তিনি। আর এ পোস্টের মাধ্যমেই পরিবারের নতুন অতিথির নাম ঘোষণা করেছেন কুনাল। জুম টিভির খবরে প্রকাশ, কুনাল-সোহার মেয়ের নাম রাখা হয়েছে ইনায়া নাউমি খেমু।
টুইটারে দেওয়া পোস্টটিতে কুনাল লেখেন, ‘আমরা আমাদের মেয়ের নাম রেখেছি ইনায়া নাউমি খেমু। ছোট ইনায়া খুব সুখী ও সুস্থ রয়েছে এবং সে আপনাদের দোয়া ও ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছে।’ অন্যদিকে এ খুশির খবরে পতৌদি পরিবারের নবাবপত্নী কারিনা কাপুর খান বলেছেন, ‘আমি খুবই রোমাঞ্চিত এবং আনন্দিত যে এখন তৈমুরের চমৎকার একটি ছোট বোন রয়েছে। আমরা সবাই মিলে এই আনন্দঘন উপলক্ষটি উদযাপন করব।’
গত শুক্রবার মেয়েসন্তান জন্মের খুশিতে কুনাল তাঁর টুইটারে লেখেন, ‘আমাদের খুশির বাঁধ ভেঙে যাচ্ছে আপনাদের এটা জানাতে পেরে যে, আজকের এই মঙ্গলময় দিনে আমরা একটি চমৎকার মেয়েসন্তান দ্বারা আশীর্বাদপ্রাপ্ত হয়েছি। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ।’ ২০১৪ সালে ভালোবাসার নগরীখ্যাত প্যারিসে নিজের মনের ভালোবাসার কথা সোহাকে জানান কুনাল। অবশেষে ২০১৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন কুনাল-সোহা।
বর্তমানে ‘গোলমাল এগেইন’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কুনাল। অন্যদিকে গর্ভধারণের জন্য নিজেকে চলচ্চিত্র থেকে দূরে রেখেছিলেন সোহা আলী খান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button