
পাকিস্তানকে হুঁশিয়ারি বার্তা দিলেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপীন রাওয়াত। সোমবার জানিয়ে দিলেন সীমান্তপারে ‘সন্ত্রাসবাদী হামলা ছড়ানো’ থেকে এখনই সরে না গেলে তার ফল ভুগতে হবে পাকিস্তানকে।
গত বছরের সার্জিকাল স্ট্রাইকের কথা মনে করিয়ে দিয়ে রাওয়াত এদিন বলেন, ভারতের হাতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া জবাব ফিরিয়ে দেওয়ার সব উপায় রয়েছে।
তিনি আরও জানিয়েছেন, ৭৭৮ কিমি লম্বা লাইন অফ কন্ট্রোলে ভারতীয় সেনাবাহিনী সর্বদা তৈরি সন্ত্রাসের মোকাবিলার জন্যে। সীমান্ত পেরিয়ে যে সব সন্ত্রাসবাদী দেশে ঢোকার চেষ্টা করবে তাদের মাটির আড়াই ফুট গভীরে কবর দেওয়ার ব্যবস্থাও করা আছে।
একটি বই প্রকাশ অনুষ্ঠানে এসে বক্তৃতা দেওয়ার সময়ে বিপীন রাওয়াত বলেন, ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনা যে সার্জিকাল স্ট্রাইক করেছিল তা পাকিস্তানকে কড়া বার্তা দেওয়ার জন্যেই ছিল।
‘এখনও যদি নিজেদের আচরণ পাকিস্তান না বদলায় তাহলে ভবিষ্যতে এমন আরও অনেক সার্জিকাল স্ট্রাইকের মুখোমুখি তাদের হতে হবে।’ টাইমস অব ইন্ডিয়া।




