সরকারের কঠোর মনোভাবের কারণে রোহিঙ্গাদের মানবেতর অবস্থা

মিয়ানমার থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ জানিয়ে সামর্থ্যবান সবাইকে সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীন সরকার শুরু থেকেই রোহিঙ্গাদেরকে আশ্রয় দিলে তাদের এত প্রাণহানি হতো না। কিন্তু সরকারের কঠোর মনোভাবের কারণে রোহিঙ্গারা আজকে বাংলাদেশে পালিয়ে আসার পরও মানবেতর জীবনযাপন করছে। গৃহচ্যুত ও দেশচ্যুত মানুষগুলো আজকে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে। তাদের অবস্থা খুবই করুন। কোনো বিবেকবান মানুষের পক্ষে তাদের দু:খ কষ্ট সহ্য হওয়ার কথা না। তাদের অবস্থা মানবেতর। এমতাবস্থায় সমাজের সামর্থ্যবান সবাইকে রোহিঙ্গাদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে আসার আহবান জানান রুহুল কবির রিজভী। তিনি শনিবার দুপুরে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শরনার্থী শিবিরে ত্রাণ বিতরণকালে এসব বলেন।
এরআগে শনিবার দুপুরে ঢাকা থেকে বিমানযোগে রিজভী কক্সবাজার বিমানবন্দরে পৌঁছলে স্থানীয় বিএনপির হাজারো নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। পরে সরাসরি তিনি উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে ত্রাণ বিতরণের জন্য চলে যান। এসময় তার সাথে ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী, মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমান, মুক্তিযোদ্ধা দলের মনিরুল ইসলাম ইউসুফ, কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক রাসেল।
দুপুরে উখিয়ার কুতুপালং ক্যাম্পে মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমানের উদ্যোগে রোহিঙ্গাদের জন্য ত্রাণ বিতরণের আয়োজন করা হয়। সেখানে কয়েকহাজার রোহিঙ্গা শরণার্থীর মাঝে ত্রাণ বিতরণ করেন রুহুল কবির রিজভী। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আসা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, চট্টগ্রাম বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশিদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, শ্রমিক দল নেতা মো: ফিরোজ, অস্ট্রেলীয়া বিএনপি নেতা সোহেল, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ। রোহিঙ্গাদের মাঝে বিতরণ করা ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে- ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি লবণ, দশটি করে মোমবাতি ও ম্যাচ, এক লিটার সয়াবিন তেল, খবার স্যালাইন দশ প্যাকেট।
ত্রাণ বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রোহিঙ্গাদের ব্যাপারে বাংলাদেশ সরকার যদি শুরু থেকেই দায়িত্বশীল ভুমিকা পালন করতো তাহলে তাদের এতগুলো মানুষের প্রাণহানি হতো না। সরকারের প্রথম দিকে জোরালো ভূমিকা ছিল না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির পক্ষে শুরু থেকেই দাবি জানিয়ে আসছি রোহিঙ্গাদেরকে আশ্রয় ও সহযোগীতার জন্য। কারণ বিএনপি জনগণের এবং গণতন্ত্রের পক্ষের দল। সবসময় অসহায় মানুষের পাশে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। এখন দেখছি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে রোহিঙ্গাদের সহযোগিতার জন্য। দেখা যাক কী হয়। তবে এখন থেকে আরো সুচারুরুপে ত্রাণ বিতরণ কার্যক্রম হবে বলে প্রত্যাশা করেন তিনি।
এখন পর্যন্ত যেসব রাজনৈতিক দল বা সামাজিক ও পেশাজীবী সংগঠন রোহিঙ্গাদেরকে ত্রাণ সহায়তা দিয়েছেন তিনি ধন্যবাদ জানিয়ে রিজভী বলেন, নিপীড়িত নির্যাতিত রোহিঙ্গাদের সহায়তার জন্য মানবিক দিক বিবেচনা করে সমাজের বিত্তবান মানুষদেরকে এগিয়ে আসা জরুরি। সুত্র: নয়া দিগন্ত




