জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আন্তর্জাতিক অস্বস্তি এড়ানো সম্ভব নয়: পাক পররাষ্ট্রমন্ত্রী

দীর্ঘদিন ধরেই সন্ত্রাসবাদ ও জঙ্গি তৎপরতায় বেশ বাজেভাবে ধুকছে পাকিস্তান। সেদেশের মাটিতে শক্তভাবেই জেকে বসেছে জঙ্গিবাদ, অবশেষে তা স্বীকার করে নিলেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহম্মদ আসিফ। কয়েকটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘লস্কর-ই-তৈয়বা, জইশ-ই-মুহম্মদের মতো জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আন্তর্জাতিক স্তরে অস্বস্তি এড়ানো সম্ভব নয়।’
জানা গেছে, আর্থনৈতিক জোট ব্রিকসের বৈঠকে ভারতের সঙ্গে গলা মিলিয়ে চীনও পাক মদদপুষ্ট জঙ্গি সংগঠগুলির নিন্দা করায় অস্বস্তি আরো বেড়েছে পাকিস্তানের। এরই মধ্যে আজ শুক্রবার চীন সফরে যাচ্ছেন আসিফ। কয়েক সপ্তাহ ধরেই সন্ত্রাসের প্রশ্নে প্রবল আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে পাকিস্তান।

বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানিয়েছে, পাকিস্তানের মাটিতে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গি গোষ্ঠীগুলির প্রতি ইসলামাবাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এবং সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। এর পরেই মুখরক্ষা করতে পাকিস্তানে যে জঙ্গিরা সক্রিয় রয়েছে, তা মেনে নিয়েই আসিফ বলেন, ‘পাকিস্তানের মাটিতে লস্কর-ই-তৈয়বা, জইশ-ই-মুহম্মদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আগে আমাদের নিজের ঘর পরিস্কার করতে হবে। আন্তর্জাতিক স্তরে আমাদের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। আন্তর্জাতিক মহলে যারা আমাদের বন্ধু, তাদের বোঝাতে হবে আমরা আমাদের ঘরটাকে আগের থেকে ভালো জায়গায় নিয়ে এসেছি।’ টাইমস অব ইন্ডিয়া।




