ইসলামপুরে বন্যা পরিস্থিতি চরম অবনতি

সংবাদদাতা, জামালপুর: জামালপুরের ইসলামপুরে বন্যা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে। বন্যায় উপজেলার প্রায় সকল রাস্তাঘাট ডুবে গেছে। সদরের সাথে সাত ইউনিয়নের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বর্তমানে নৌ যোগাযোগই এ অঞ্চলের একমাত্র ভরসা। ষমুনা-ব্রহ্মপুত্র নদ-নদীর আববাহিকার এ উপজেলায় ১২ ইউনিয়ন ও পৌর সভা এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে। বেসরকারি হিসাবে বানভাসী মানুষের সংখ্যা দুই লক্ষাধিক ছাড়িয়ে গেছে। এ সব মানুষ উচুঁরাস্তা, আশ্রয় কেন্দ্র, ব্রিজ ও ঘরের মধ্যে মাঁচা করে অর্ধাহারে-অনাহারে মানবেতর জীবন যাপন করছে।
বন্যাকবলিত এলাকায় খাদ্য, গো-খাদ্য ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিলেও এখনও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌছায়নি। নৌকা দেখলেই বানভাসী মানুষরা পানি ঝেপে ত্রাণের জন্য ছুটে আসে। উপজেলা নির্বাহী অফিসার এবিএম এহেসানুল মামুন জানান, বানভাসীদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।
উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা জানান, ইসলামপুরে এ পর্যন্ত ৪০ মেট্রিক টন চাল ও ৪০ হাজার টাকা বরাদ্দ এসেছে। যা প্রয়োজনের তুলনায় নগন্য বলে জানান এলাকাবাসী। গত বুধবার চিনাডলী ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নের শিং ভাঙ্গা, বামনা ও ডেবরাইপেচ এলাকায় ত্রান বিতরণ করেন। এ সময় বানভাসী মানুষরা ত্রাণ না পেয়ে পানি ঝেপে ত্রাণের নৌকা দাওয়া করে।



