দুর্ভিক্ষ থেকে মুক্তি দক্ষিণ সুদানের

ত্রাণ সরবরাহ বৃদ্ধির ফলে দুর্ভিক্ষ পরিস্থিতি থেকে বের হয়ে আসতে ফেরেছে দক্ষিণ সুদান। জাতিসংঘ সমর্থিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিট ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) প্রতিবেদনে বলা হয়েছে এই কথা।
তবে প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি এখনো খারাপই রয়েছে কারণ গত মাসে না খেয়ে থাকার ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত ফেব্রুয়ারিতে দক্ষিণ সুদানে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়, ২০১১ সালের পর বিশ্বে যা প্রথম দুর্ভিক্ষ। সশস্ত্র সহিংসতা, কম উৎপাদন ও খাদ্যদ্রব্যের মূল্য ক্রমবর্ধমান বৃদ্ধির কারণে এই দুর্ভিক্ষ হয়েছে।
তিন বছর আগে শুরু হওয়া সশস্ত্র সহিংসতায় লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে, প্রাণ হারিয়েছে হাজারো মানুষ। আইপিসি প্রতিবেদনে বলা হয়, কমপক্ষে ১৭ লাখ মানুষ এখনো জরুরি পর্যায়ের ক্ষুধার্ত অবস্থায় আছে যা দুর্ভিক্ষের মাত্রার এক ধাপ নিচে। আরো বলা হয় বিগত মাসে ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা ৫৫ লাখ থেকে বেড়ে ৬০ লাখ হয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় মানবিক বিপর্যয়ের সম্মুখীনন। নাইজেরিয়া, সোমালিয়া, ইয়েমেন ও দক্ষিণ সুদানের প্রায় ২ কোটি মানুষ চরম খাদ্যাভাবে ভুগছে। বিবিসি।




