sliderস্থানিয়

টিকটকে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ বিয়ে! মানিকগঞ্জের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক কারাগারে

মানিকগঞ্জ প্রতিনিধি: টিকটকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভন দেখিয়ে নারীদের সঙ্গে প্রতারণা ও ধর্ষণের অভিযোগ উঠেছে চীনা নাগরিক চেন ইয়ংয়ের (৪১) বিরুদ্ধে। মাত্র তিন মাসে অন্তত ১৫ নারীকে বিয়ে করার তথ্য পেয়েছে পুলিশ। সর্বশেষ মানিকগঞ্জের ১৪ বছর বয়সী অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে ঢাকায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে চেন ইয়ংয়ের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন বয়সী একাধিক নারী তাঁকে নিজেদের স্বামী দাবি করে তাঁর বিরুদ্ধে একই ধরনের প্রতারণা ও নির্যাতনের অভিযোগ তুলেছেন। তাঁদের মধ্যে সাভারের এক নারীও রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় সে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে পরদিন তার বাবা মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ নিখোঁজের ঘটনাটি তদন্ত শুরু করে। এর মধ্যে গত ২৪ নভেম্বর রাতে ওই কিশোরী তার বড় বোনকে ফোন করে জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল। একপর্যায়ে বিয়ে ও নানা প্রলোভন দেখিয়ে তাকে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁ থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে একটি ভাড়া বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করে সে।

বড় বোনের দেওয়া তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ রাজধানীর উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসার অবস্থান শনাক্ত করে। পরে মঙ্গলবার (২৫ নভেম্বর) মধ্যরাতে সেখানে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি চীনা পাসপোর্ট, দুটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। পরে উদ্ধার হওয়া কিশোরী ও গ্রেপ্তার ব্যক্তিকে মানিকগঞ্জ সদর থানায় নেওয়া হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, চেন ইয়ং ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে কিশোরী ও অবিবাহিত নারীদের সঙ্গে পরিচিত হতেন। পরে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রস্তাব দিতেন। বিশ্বাস অর্জনের জন্য স্ট্যাম্পে বিয়ের ভুয়া কাগজপত্র তৈরি করতেন বলেও অভিযোগ রয়েছে। এরপর নারীদের ঢাকার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় নিয়ে আটকে রেখে ধর্ষণ করতেন বলে অভিযোগ উঠেছে।

গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে গত তিন মাসে অন্তত ১৫ নারীকে বিয়ে করার তথ্য পেয়েছে পুলিশ। তবে এসব বিয়ের প্রকৃত অবস্থা ও অভিযোগগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় আরও নারী ভুক্তভোগী রয়েছেন কি না এবং এর পেছনে অন্য কেউ জড়িত কি না, তা-ও খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা চেন ইয়ংকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে তাঁকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক দোলন বিশ্বাস তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে উদ্ধার হওয়া কিশোরীর শারীরিক পরীক্ষা সম্পন্ন করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, কিশোরী নিখোঁজের ঘটনায় জিডি হওয়ার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। পরে তার বড় বোনের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার উত্তরা থেকে তাকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, চেন ইয়ংয়ের বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগ এবং তাঁর সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য ব্যক্তিদের ভূমিকা তদন্ত করে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button