মো.শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটির ঐতিহ্যবাহী শীতলপাটিকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা, বাজার সম্প্রসারণ ও বিপণন কৌশল নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডু।
কর্মশালায় বক্তব্য দেন ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খান হেলাল, ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফারহানা তাবাসসুম সহ অন্যরা। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, নলছিটির শীতলপাটি এ অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এ শিল্পকে টিকিয়ে রাখতে হলে কারিগরদের যথাযথ মূল্যায়ন, আধুনিক প্রশিক্ষণ, আর্থিক সহযোগিতা এবং উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ করতে হবে। পাশাপাশি শীতলপাটির জিআই স্বীকৃতি অর্জন ও এর ঐতিহ্য সংরক্ষণে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
কর্মশালায় শীতলপাটি শিল্পের সঙ্গে জড়িত পাটিকর (কারিগর)রা পাটি তৈরির বিভিন্ন ধাপ ও পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করেন। এতে অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী এ শিল্পের উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন।
আয়োজকরা জানান, নলছিটির ঐতিহ্যবাহী শীতলপাটির সম্ভাবনা তুলে ধরা, জিআই পণ্য হিসেবে স্বীকৃতি অর্জনের উদ্যোগ গ্রহণ এবং উৎপাদন ও বিপণন সম্প্রসারণে করণীয় নির্ধারণ করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য।
স্থানীয় ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি শীতলপাটি শিল্পের সঙ্গে জড়িত কারিগরদের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

