sliderরাজনীতিশিরোনাম

নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে বোমা হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবি পার্টি

পতাকা ডেস্ক: এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

আজ এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক, ন্যক্কারজনক ও কাপুরুষোচিত। দুর্বৃত্তরা নুসরাত তাবাসসুম জ্যোতির বসতবাড়ি লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে তাঁর পাঁচটি ঘর ও দুটি ছাগল পুড়ে গেছে। এটি শুধু একটি পরিবারের ওপর হামলা নয়, বরং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। একজন সংসদ সদস্যের বাড়িতেই যদি এমন নৃশংস হামলা হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এ ঘটনা প্রমাণ করে, সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

নেতৃদ্বয় বলেন, নুসরাত তাবাসসুম জ্যোতি জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির একজন সাহসী যোদ্ধা। ফ্যাসিবাদী সরকারের পেটোয়া বাহিনী গণ-অভ্যুত্থান দমনের উদ্দেশ্যে তাঁকে তুলে নিয়ে নির্যাতন করেছিল। কিন্তু ভয়ভীতি ও নির্যাতন উপেক্ষা করে তিনি রাজপথে সক্রিয় ছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানের এমন একজন সম্মুখসারির যোদ্ধার বাড়িতে এই হামলা অত্যন্ত উদ্বেগজনক।

তাঁরা আরও বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে পতিত ফ্যাসিবাদী শক্তি আবারও অগ্নিসন্ত্রাস, নাশকতা ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। সাম্প্রতিক সময়ে বাস ও ট্রেনে অগ্নিসংযোগ, ঘুমন্ত চালককে পুড়িয়ে হত্যা এবং বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। এসব ঘটনার পেছনে পতিত ফ্যাসিবাদী শক্তির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তবে একটি বিষয় স্পষ্ট,সন্ত্রাস, নাশকতা ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে কারও পুনর্বাসনের সুযোগ নেই। জনগণকে ভয় দেখিয়ে কিংবা রাষ্ট্রকে অস্থিতিশীল করে অতীতের ফ্যাসিবাদী শাসন ফিরিয়ে আনা যাবে না।

এবি পার্টির নেতৃদ্বয় বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে সন্ত্রাস, অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদর্শনের কোনো স্থান নেই। রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের হাতিয়ার হিসেবে সহিংসতা ব্যবহারের সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড জুলাইয়ের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না।

বিবৃতিতে তাঁরা অবিলম্বে অগ্নিসংযোগের ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি ও তাঁর পরিবারের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button