মো.শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে গ্রেপ্তার হওয়া আদালতের গ্রেফতারি পরওয়ানাভুক্ত আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সিরাজুল বসিলাম মোল্লাকে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ঘটনার প্রতিবাদে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
মঙ্গলবার বিকেলে ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান ও সদস্য সচিব সাইদুল ইসলাম রনির নেতৃত্বে এ মিছিল করে ছাত্রদল নেতাকর্মীরা। মিছিলে নলছিটি উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেয়।
উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে বরিশাল-পটুয়াখালি-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের জিরো পয়েন্ট চৌমাথা প্রদক্ষিণ করে পুনরায় ফেরিঘাট এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয় তাঁরা।
মিছিল শেষে ফেরিঘাট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সদস্য সচিব সাইদুল ইসলাম রনি, নলছিটি উপজেলা ছাত্রদল নেতা আবিদ হাসান, সাব্বির আহম্মেদ, রাকিব গাজী, ফয়সাল আহম্মেদ, রাতুল গাজী প্রমুখ।
উপজেলার দপদপিয়ায় পুলিশের কাছ থেকে গ্রেফতার হওয়া আসামি ছিনতাই করা ছাত্রলীগের কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সিরাজ মোল্লাকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। ঝালকাঠি জেলার কোথাও নিষিদ্ধ সংগঠনের তৎপরতা দেখা গেলে ছাত্রদল তা কঠোরভাবে প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা। পাশাপাশি নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে প্রশাসনের নজরদারি আরও জোরদার করার দাবি জানান বক্তারা।
