মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়িতে দায়িত্ব পালনের প্রস্তুতিকালে অসুস্থ হয়ে মোঃ সৈয়দ আমিনুল হক (৫৩) নামে ৩৭ আনসার ব্যাটালিয়নের (মারিশ্যা) এক ল্যান্স নায়েকের মৃত্যু হয়েছে।
রোববার (৪ অক্টোবর ২০২৬) রাতের প্রথম প্রহরে বাঘাইছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মডেল টাউন এলাকায় অবস্থিত প্রস্তাবিত ব্যাটালিয়ন সদর ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত সৈয়দ আমিনুল হকের আনসার রেজিস্ট্রি নম্বর ৩৩৩১০। তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার রৌহা গ্রামের (ডাকঘর: খুলশী) স্থায়ী বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ল্যান্স নায়েক সৈয়দ আমিনুল হক মডেল টাউন ক্যাম্পে দায়িত্ব পালন করছিলেন। রাত ২টা থেকে তার ডিউটি শুরু হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে দায়িত্বে থাকা পূর্ববর্তী সদস্য তাকে কক্ষ থেকে ডাকতে গেলে কোনো সাড়াশব্দ না পেয়ে বিষয়টি সহকর্মীদের জানান। পরে তার শ্বাস-প্রশ্বাসও পাওয়া যাচ্ছিল না বলে নিশ্চিত হন সহকর্মীরা।
এরপর তাকে দ্রুত বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের বরাত দিয়ে জানা গেছে, হাসপাতালে পৌঁছানোর আনুমানিক ২০ থেকে ২৫ মিনিট আগেই তার মৃত্যু হয়েছে।
সহকর্মীদের দেওয়া তথ্যমতে, সৈয়দ আমিনুল হক আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। এর আগেও তিনি দুইবার অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানা গেছে।
রোববার সকাল ১০টায় ৩৭ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ অ্যাম্বুলেন্সযোগে তার নিজ জেলা মানিকগঞ্জে পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়।