শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পারিবারিক কলহের জেরে নিজ বাড়ীতে সৎ ছেলের ছুরিকাঘাতে আয়েশা বেগম (৩৫) নামে সৎ মায়ের মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ধরমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা বেগম ওই গ্রামের বাবুল হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জেরে সৎ ছেলে আশিকুর রহমান তার সৎ মায়ের পেটে চাকু দিয়ে আঘাত করেন। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আয়েশা বেগমকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মহিম তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, এর আগেও আশিকুর রহমান বিভিন্ন সময় তার সৎ মাকে গালিগালাজ ও মারধর করতেন। ।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।