ঠাকুরগাঁও প্রতিনিধি: আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে ১১-দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয় থেকে দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ।
এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম মনোনয়নপত্র প্রদান করেন। তিনি নির্বাচন কমিশনের জারি করা নতুন কিছু নিয়ম-কানুন সম্পর্কে মনোনয়ন সংগ্রহকারীকে অবহিত করেন। পাশাপাশি আসন্ন উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জামায়াতে ইসলামীর সহযোগিতা কামনা করেন।
মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মাওলানা সোলায়মান হোসেন, জামায়াত নেতা সাইফুল ইসলামসহ দলের অন্যান্য নেতাকর্মী।
উল্লেখ্য, এর আগে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন দেলাওয়ার হোসেন। নির্বাচন কমিশন-ভিত্তিক তথ্য অনুযায়ী, ওই নির্বাচনে তিনি ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট পেয়েছিলেন।
দেলাওয়ার হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর, বাছাই ২৯ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর। ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর।