মোঃ আব্দুর রব মনসুর, সিরাজগঞ্জ প্রতিনিধি: কাজিপুর উপজেলার মেঘাই এলাকায় অতিরিক্ত ও ঢাকনাবিহীনভাবে বালু পরিবহনের দায়ে তিন ট্রাকচালক এবং একটি বালুর পয়েন্টের ম্যানেজারকে মোট ৮১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত [মোবাইল কোর্ট]।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর) মেঘাই এলাকার বালুর পয়েন্টে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ পারভীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানকালে বালুবাহী ট্রাকে অতিরিক্ত বালু বোঝাই করে পরিবহন এবং ঢাকনাবিহীন অবস্থায় সড়কে চলাচলের বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। পরে ‘বাংলাদেশ সড়ক পরিবহন আইন, ২০১৮’ অনুযায়ী তিন ট্রাকচালককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ ছাড়া বালুর পয়েন্ট থেকে নিয়মবহির্ভূতভাবে ওভারলোড করে বালু পরিবহনের সুযোগ দেওয়ার দায়ে সংশ্লিষ্ট পয়েন্টের ম্যানেজারকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী ৫১ হাজার টাকা জরিমানা করা হয়। সড়কে ওভারলোড ও ঢাকনাবিহীন বালু পরিবহন বন্ধে প্রশাসনের এই কঠোর নজরদারিকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং সড়কের নিরাপত্তা রক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে এই ধরণের অভিযান ও আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।