কাউছার মিয়া, দৌলতপুর প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার পুরাতন ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬টি ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন করেছে উপজেলা প্রশাসন। এ সময় মুন্নু মিয়া নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
(৮ সেপ্টেম্বর) মঙ্গলবার উপজেলার চকমিরপুর ইউনিয়ন ও জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা,মান্দারতা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ৬টি ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
এসময় অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস। এ সময় দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকারসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস জানান-নদী তীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা অবৈধ বালু উত্তোলনকারীদের হাত থেকে রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।