মোঃ আব্দুর রব মনসুর, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে আসন্ন প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলার চারটি খেলার মাঠে। গত শনিবার সন্ধ্যায় মাঠগুলো খেলার উপযোগী করার লক্ষ্যে সরেজমিন পরিদর্শন করেছেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহনাজ পারভীন।
শিক্ষার্থী ও তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং মাঠ সংস্কারের উদ্দেশ্য নিয়ে তিনি কাজিপুর উপজেলা পরিষদ খেলার মাঠ, পৌর এলাকার আলমপুর এন. এম. উচ্চ বিদ্যালয় মাঠ, গান্ধাইলের উদগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠ এবং সোনামুখী উচ্চ বিদ্যালয় খেলার মাঠ পরিদর্শন করেন।পরিদর্শনকালে ইউএনও শাহনাজ পারভীন জানান, এসব মাঠের প্রয়োজনীয় সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করা হবে। তিনি বলেন, “প্রতিটি মাঠ সংস্কারের জন্য বরাদ্দ পাওয়া গেছে। আগামী দুই-এক দিনের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করা হবে।”
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার সুযোগ বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্যেই খেলার মাঠগুলোকে সুন্দর ও নিরাপদভাবে খেলার উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।”
মাঠ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় শিক্ষক, ক্রীড়া সংগঠক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।