
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ’ উদযাপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। এ সময় তিনি বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য বাতিঘর। তার কবিতা, গান ও সাহিত্যকর্মের মূল সুর ছিল সাম্য ও মানবতা। সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করতে নজরুলের দর্শন অনুসরনের কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মের কাছে তার কালজয়ী কর্ম ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। এতে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ডা. নাহিদুজ্জামানসহ সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশ নেন।




