
মোঃ আবদুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি: “শিক্ষার আলোয় আলোকিত হোক সকল শিশুর জীবন, মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়িতে শিক্ষা ও মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বৃহত্তর মুসলিম ব্লক এলাকাকে আনুষ্ঠানিকভাবে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ এলাকা ঘোষণা করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) বাদ মাগরিব বাঘাইছড়ি উপজেলা মডেল মসজিদের পার্কিং গ্রাউন্ডে বৃহত্তর মুসলিম ব্লক এলাকাবাসীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
বায়তুল আবরার কেন্দ্রীয় মসজিদের সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলম ও উপজেলা বিএনপির সহ-সভাপতি নুর মোহাম্মদ। এছাড়া বৃহত্তর মুসলিম ব্লকের ১৮টি সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, বৃহত্তর মুসলিম ব্লক এলাকায় মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এলাকাবাসী, অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে বলেন, “হয় মাদক ছাড়ো, না হয় এলাকা ছাড়ো।”
এ সময় তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রেখে শিক্ষার আলোয় আলোকিত করা এবং একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।




