
প্রেস বিজ্ঞপ্তি: প্যারিস, ফ্রান্স, প্যারিস ১৮তম arrondissement-এ ২৩ আগস্ট ১৯৯৬ সালের কাগজপত্রহীন মানুষের ঐতিহাসিক আন্দোলন ও তাদের ওপর সংঘটিত উচ্ছেদের ঘটনা স্মরণে একটি স্মারক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্যারিসের বিভিন্ন এলাকার মেয়র, ডেপুটি মেয়র, বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিসহ কাগজপত্রহীন মানুষের অধিকার নিয়ে কাজ করা বহু ব্যক্তি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে Solidarité Asie France (SAF)-এর সভাপতি Nayan NK, সহ-সভাপতি Tawhid Ahmed এবং সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন প্যারিস ১৮তম arrondissement-এর মেয়র M. Éric Lejoindre। তিনি কাগজপত্রহীন মানুষের অধিকার ও মর্যাদার পক্ষে কথা বলেন এবং তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া Aboubakar, Association 75-এর সভাপতি এবং প্যারিস ১৮-এর অন্যান্য নির্বাচিত প্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন প্যারিসের মেয়র Emmanuel Grégoire। বক্তারা বলেন, কাগজপত্রহীন মানুষের ন্যায্য অধিকার ও মানবিক মর্যাদার প্রশ্নে তারা অতীতের মতো ভবিষ্যতেও তাদের পাশে থাকবেন।
১৯৯৬ সালের সেই ঐতিহাসিক ঘটনা
১৯৯৬ সালের আগস্ট মাসে প্যারিস ১৮তম arrondissement-এর Église Saint-Bernard-এ দুই শতাধিক কাগজপত্রহীন মানুষ আশ্রয় নেন। তাদের অনেকেরই বৈধ কাগজপত্র ছিল না এবং মাথা গোঁজার মতো নিরাপদ আবাসনের ব্যবস্থাও ছিল না। নিজেদের অধিকার ও নিয়মিত কাগজপত্রের দাবিতে তারা বাধ্য হয়ে গির্জায় অবস্থান কর্মসূচি শুরু করেন।
তৎকালীন গির্জার ফাদার তাদের আশ্রয় ও প্রয়োজনীয় সহযোগিতা করেন। স্থানীয় বাসিন্দারাও খাবার, পোশাকসহ বিভিন্নভাবে তাদের পাশে দাঁড়ান। কিন্তু ২৩ আগস্ট ১৯৯৬ সালে সরকারি নির্দেশে পুলিশ গির্জার দরজা ভেঙে সেখানে অবস্থানরত মানুষদের জোরপূর্বক বের করে দেয় এবং তাদের অনেককে দেশ থেকে বহিষ্কারের প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়।
এই ঘটনার পর কাগজপত্রহীন মানুষের অধিকার ও মানবিক মর্যাদার দাবিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। সেই আন্দোলন ফ্রান্সে কাগজপত্রহীন মানুষের অধিকার নিয়ে দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলনের ভিত্তি তৈরি করে।
স্মৃতি থেকে বর্তমানের অঙ্গীকার
আজকের এই স্মারক উন্মোচন শুধু একটি ঐতিহাসিক ঘটনার স্মরণ নয়; এটি মানবিক মর্যাদা, ন্যায়বিচার এবং অধিকার রক্ষার প্রতি নতুন করে অঙ্গীকারের প্রতীক। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বলেন, কাগজপত্রহীন মানুষও সমাজের অংশ। তাদের অধিকার, নিরাপত্তা ও মানবিক মর্যাদা নিশ্চিত করার জন্য সামাজিক আন্দোলন ও সংহতি অব্যাহত থাকবে।



