sliderজাতীয়শিরোনাম

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন

পতাকা ডেস্ক : সরকার গঠনের ছয় মাস পর মন্ত্রিসভার আকার আরও বাড়ল। নতুন করে পাঁচজন সদস্য মন্ত্রিসভায় যুক্ত হলেন। আর একজন প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হয়েছেন। সব মিলিয়ে চারজন নতুন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর সরকারি গেজেট জারি করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের এই প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খানকে। এর আগে এই দায়িত্বে ছিলেন নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারেক রহমানের সরকারে ৬ মাসের ব্যবধানে প্রতিমন্ত্রী থেকে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বান্দরবান আসনের সংসদ সদস্য ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রুকে। তার আগে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন দীপেন দেওয়ান, যিনি গত ১ জুন পদত্যাগ করেন।

বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ পেয়েছেন তথ্য মন্ত্রণালয়। তার পূর্বে এই দায়িত্বে ছিলেন জহির উদ্দিন স্বপন। তাঁকে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ্ আফরোজা খানম রিতাকে দেওয়া হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন মো. আব্দুল বারী।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির টেকনোক্র্যাট হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এই মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করছেন ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন শামা ওবায়েদ। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, এ মন্ত্রণালয়ে বর্তমানে দুজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন, যদিও নিকট অতীতে কোনো মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী দেখা যায়নি।

উল্লেখ্য, ড. খলিলুর রহমান আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন।

ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার আকার দাঁড়াল ৫১ জনে। প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৬ জন এবং প্রতিমন্ত্রী ২৪ জন। আগে মন্ত্রিসভা ছিল ৪৮ সদস্যের—প্রধানমন্ত্রী ছাড়া ২৪ মন্ত্রী এবং ২৩ জন প্রতিমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button