
আওয়ামী লীগের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন দল ও সংগঠন।
২০তম কাউন্সিলে নবনির্বাচিত আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ পুরো কমিটির অন্যান্য সব সদস্যকে অভিনন্দন জানিয়েছে বিএনপি। ২৩ অক্টোবর রোববার আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণার পর রাজধানীর সেগুনবাগিচায় এক অনুষ্ঠানে বিএনপিরর পক্ষ থেকে আওয়ামী লীগকে অভিনন্দন জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার আওয়ামী লীগের সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সভাপতি হিসেবে শেখ হাসিনা পুনরায় নির্বাচিত হওয়ায় এবং সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের নতুন নির্বাচিত হওয়ায় তারা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আওয়ামী লীগের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছে জাতীয় পার্টি।
শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে পুনঃ নির্বাচিত হওয়ায় এবং ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ উভয় নেতাকে আজ এক বিবৃতিতে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব তাদের অভিনন্দন বার্তায় আশা প্রকাশ করে বলেন, জননেত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের নেতৃত্বে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ আরো শক্তিশালী ও আরো গতিশীলতা লাভ করবে। উভয় নেতা দেশে গণতান্ত্রিক ধারা বিকাশে অনন্য ভূমিকা পালন করবেন।
বার্তায় আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু, সাফল্য ও সমৃদ্ধ কামনা করা হয়।
শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী ওলামা লীগের সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সাত্তার।
নতুন এ কমিটির দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে মাওলানা আব্দুস সাত্তার বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগের এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেখ হাসিনা পুনরায় আওয়ামী লীগের সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নতুন নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি খোন্দকার তারেক রায়হান।
তিনি আওয়ামী লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে বলেন, জননেত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের নেতৃত্বে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ আরো শক্তিশালী ও গতিশীলতা লাভ করবে।
অভিনন্দন জানিয়েছেন আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ ও সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান।
ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদুল হক দুই নেতাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।
আজ রোববার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমাদের প্রত্যাশা দেশে গণতন্ত্র, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় আন্দোলন পরিচালনায় এই নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।




