
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ ৭৬ হাজার ৬৫০ টাকাসহ মোঃ নূর ইসলাম (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট ) রাতে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ১০নং জামালপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের শিবগঞ্জ বাজার টু গোস্তহাটি হেরিং বন রাস্তার উত্তর পাশে অবস্থিত মোঃ নূর ইসলামের পানের দোকানে অভিযান পরিচালনা করে। এ সময় দোকানের ভেতর থেকে তাকে মাদকদ্রব্যসহ আটক করা হয়।
গ্রেফতারকৃত মোঃ নূর ইসলাম (৩৩) ঠাকুরগাঁও সদর উপজেলার মধ্য পারপূগী গ্রামের মৃত বিশু মোহাম্মদের ছেলে। তার মায়ের নাম আমিনা বেগম।
এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন,মাদকের বিস্তার রোধে জেলা গোয়েন্দা পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করে যাচ্ছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং জনসাধারণের সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।




