
মোঃ আব্দুজ জাহের,বাঘাইছড়ি প্রতিনিধি: বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, দ্রুত ট্রান্সফরমার প্রতিস্থাপন এবং হয়রানিমুক্ত গ্রাহকসেবা নিশ্চিত করার দাবিতে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ও আবাসিক প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় গ্রাহকরা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে শতাধিক গ্রাহক বাঘাইছড়ি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ও আবাসিক প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে অংশ নেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষোভকারীদের অভিযোগ, বাঘাইছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার প্রায় দুই মাস ধরে বিকল থাকায় এলাকার শতাধিক পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এ বিষয়ে একাধিকবার বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী শুগত চাকমার সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
গ্রাহকদের আরও অভিযোগ, নতুন ট্রান্সফরমার সরবরাহের জন্য আবাসিক প্রকৌশলী ৮০ হাজার টাকা দাবি করেন। পরে এলাকাবাসী চাঁদা তুলে ২৫ হাজার টাকা প্রদান করলেও এখন পর্যন্ত ট্রান্সফরমার স্থাপন কিংবা বিদ্যুৎ সংযোগ চালু করা হয়নি। এতে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ সময় বিক্ষুব্ধ গ্রাহকরা আরও অভিযোগ করেন, আবাসিক প্রকৌশলী নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না, অনেক সময় মোবাইল ফোনও রিসিভ করেন না। এছাড়া মিটার রিডিং ছাড়াই বিদ্যুৎ বিল প্রস্তুত করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এতে গ্রাহকদের অতিরিক্ত বিল পরিশোধসহ বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে।
তবে অভিযোগের বিষয়ে আবাসিক প্রকৌশলী শুগত চাকমা বলেন, জনবল সংকটসহ বিভিন্ন সীমাবদ্ধতার কারণে কাঙ্ক্ষিত সময়ে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। জেলা সদর থেকে নতুন ট্রান্সফরমার আনতে অতিরিক্ত ব্যয় হয়। পাশাপাশি স্থানীয়দের মধ্যেও কিছু মতপার্থক্য থাকায় সমস্যা সমাধানে জটিলতা সৃষ্টি হয়েছে। তবে আগামী রোববারের মধ্যে সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
একপর্যায়ে আবাসিক প্রকৌশলী আগামী তিন দিনের মধ্যে বিকল ট্রান্সফরমারের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা কর্মসূচি স্থগিত করেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।




