
মো:শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি: ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে চারটি বাল্কহেড জাহাজের মালিককে মোট দুই লাখ টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে নগদ আদায় করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে ঝালকাঠি সদর উপজেলার মানপাশা টেম্পু স্ট্যান্ড এলাকায় জেলা প্রশাসনের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এস.এম.মেহেদী হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের সঙ্গে জড়িত চারটি বাল্কহেড জাহাজের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। বাল্কহেডগুলোর মধ্যে বালু ব্যবসায়ী হানিফের মালিকানাধীন দুটি,রহিমের একটি এবং তুহিনের একটি বাল্কহেড রয়েছে। এ চারজন মালিককে সর্বমোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) এস.এম.মেহেদী হাসান জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে অবৈধ বালু উত্তোলন ও সরবরাহের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন অনুযায়ী চারটি বাল্কহেডের মালিককে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং জরিমানার অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়েছে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্টদের ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, নদী-খাল সংরক্ষণ এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।




