
মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম সংবাদদাতা: বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অন্যতম অভিভাবক, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে কুড়িগ্রামে গভীর শোক, শ্রদ্ধা ও স্মরণে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ শোকসভা অনুষ্ঠিত হয়। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আবেগঘন পরিবেশে পুরো অনুষ্ঠানজুড়ে মরহুমের কর্মময় জীবন, দেশপ্রেম এবং গণতন্ত্রের প্রতি তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমান মোস্তফা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।
এছাড়াও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক, কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বিএনপি নেতা আব্দুল আজিজ, পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আবু বকর সিদ্দিক, বিএনপি নেতা শহিরুজ্জামান সাজু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান, কুড়িগ্রাম পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন, সদস্য সচিব ইদ্রিস আলী, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ফজলুল হক এবং সদস্য সচিব ইউনুছ আলী। এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমান মোস্তফা বলেন,
“ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের এক উজ্জ্বল নক্ষত্র। দেশের ক্রান্তিকালে রাষ্ট্রপতি এবং স্পিকার হিসেবে তিনি যে সুদূরপ্রসারী, বিচক্ষণ ও নিরপেক্ষ ভূমিকা পালন করেছেন, তা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁর মতো একজন প্রাজ্ঞ, সৎ ও দেশপ্রেমিক রাজনীতিকের চলে যাওয়া শুধু বিএনপির নয়, সমগ্র জাতির জন্যই এক অপূরণীয় ক্ষতি।”
তিনি আরও বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ এবং জাতীয় সংসদকে কার্যকর ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে রূপ দিতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য তাঁর আদর্শ ও কর্মজীবন আজীবন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
বক্তারা বলেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ছিলেন সততা, প্রজ্ঞা, রাজনৈতিক শিষ্টাচার এবং গণতান্ত্রিক মূল্যবোধের এক অনন্য প্রতীক। দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে তাঁর অবদান ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
আলোচনা সভা শেষে মরহুম ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে দেশ, জাতি এবং গণতন্ত্রের সমৃদ্ধি কামনা করা হয়।
এ সময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শোকসভা শেষে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে শোকের আবহ বিরাজ করে এবং মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশসেবার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।




