
মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম সংবাদদাতা: কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সুভারকুটি কেন্দ্রীয় জামে মসজিদের নবনির্মিত ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পূর্বে প্রধান অতিথি হিসেবে এ নির্মাণকাজের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
উদ্বোধন শেষে তিনি মসজিদ প্রাঙ্গণে স্থানীয় মুসল্লিদের সঙ্গে পবিত্র জুমার নামাজ আদায় করেন। পরে মসজিদের সার্বিক উন্নয়ন, নির্মাণকাজের সফল সমাপ্তি এবং এলাকার শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি কামনায় মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় উপস্থিত মুসল্লি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা মসজিদের নতুন ভবন নির্মাণের উদ্যোগকে স্বাগত জানান। তারা আশা প্রকাশ করেন, নবনির্মিত ভবনটি ধর্মীয় শিক্ষা, ইবাদত-বন্দেগি এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথি আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ঐক্যের অন্যতম কেন্দ্র। একটি আধুনিক ও সুন্দর মসজিদ নির্মাণ ভবিষ্যৎ প্রজন্মকে দ্বীনি শিক্ষায় উদ্বুদ্ধ করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।”
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলেই মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করেন, তিনি যেন সুভারকুটি কেন্দ্রীয় জামে মসজিদকে দ্বীনের খেদমত, ইবাদত-বন্দেগি, ইসলামের সুমহান আদর্শ প্রচার এবং এলাকার মানুষের ঐক্য, সম্প্রীতি ও কল্যাণের স্থায়ী কেন্দ্র হিসেবে কবুল করেন। আমীন।



