
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ পৌরসভার পোড়রা এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ির পেছন থেকে বিশালাকৃতির গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে দেহব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে মানিকগঞ্জ সদর উপজেলার পোড়রা এলাকায় আইনজীবী তৌহিদুর রহমান বাবুর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
গ্রেপ্তার তৌহিদুর রহমান বাবু পোড়রা এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে।
পুলিশ জানায়, এক নারীকে নিজ বাড়িতে ডেকে এনে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বিষয়টি জানতে পেরে ওই নারীর স্বামী পুলিশে খবর দেন।
খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযোগ রয়েছে, এর আগে স্ত্রীকে উদ্ধার করতে গেলে ওই নারীর স্বামীকে ধারালো চাকু দিয়ে আঘাত করেন তৌহিদুর রহমান বাবু।
পুলিশ জানায়, আটকের পর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি বাড়ির পেছনের জমিতে গাঁজার গাছ রোপণের কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেখান থেকে একটি বড় আকারের গাঁজা গাছ উদ্ধার করা হয়, যার ওজন প্রায় সাত কেজি।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন গণমাধ্যমকে জানান, “গাঁজা গাছসহ এক আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে দেহব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”




