
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোঃ সুমন ওরফে ঝালাই সুমন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় গত(৬ জুলাই) সোমবার রাত আনুমানিক ১১:১০ মিনিটে ঠাকুরগাঁও সদর থানার জিডি নং-৩৩২-এর ভিত্তিতে রাত্রীকালীন মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্ট তামিল কার্যক্রম পরিচালনা করা হয়। এসআই (নিঃ) মোঃ মাজহারুল আলমের নেতৃত্বে এএসআই (নিঃ) সাদ সালমান হোসেন, এএসআই (নিঃ) মো. জোবায়দুল, এএসআই মো. শাকিব, এএসআই সারোয়ার জাহানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা সদর উপজেলার ১৩ নম্বর গড়েয়া ইউনিয়নের ঢাঙ্গি পুকুর গ্রামে অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে নূরে আলমের মুদি দোকানের সামনে পাকা সড়কে সন্দেহজনকভাবে অবস্থানরত মোঃ সুমন ওরফে ঝালাই সুমনকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি লাল রঙের প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে একটি শপিং ব্যাগের ভেতর থেকে( ১) এক হাজার পিস কমলা রঙের নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ট্যাবলেটের পাতায় Tapentadol Tablets 100 mg এবং Manufactured in India by SUN Pharma Laboratories Limited লেখা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃত মো: সুমনের পিতা মৃত তৈয়বুল ইসলাম। তার স্থায়ী ঠিকানা দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার শাপলা বাড়ী (বড় মসজিদের পাশে)। বর্তমানে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার চোঙ্গাখাতা এলাকায় বসবাস করছিলেন।
এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ ধারায় মামলা নং-১৫/২১৮, তারিখ ৭ জুলাই ২০২৬ রুজু করা হয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাজাহান আলী জানান মাদকমুক্ত সমাজ গঠনে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এ বিষয়ে সর্বস্তরের জনগণের সচেতনতা ও সহযোগিতা কামনা করেন।




