sliderস্থানিয়

ফরিদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত  

বিধান মন্ডল, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফাহিম মাতুব্বর (২৩) এবং রফিকুল মাতুব্বর (২৫) নামে দুই বন্ধু নিহত হয়েছেন। রবিবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে  নগরকান্দা উপজেলার মশাউজান এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ফরিদপুর অভিমুখী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নগরকান্দাগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফাহিম মাতুব্বর (২৩) নিহত হন। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের অপর আরোহী রফিকুল মাতুব্বরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফাহিম মাতুব্বর নগরকান্দা উপজেলার ফুলসূতী ইউনিয়নের চকনাউডুবি এলাকার জাহিদ মাতুব্বরের ছেলে এবং রফিকুল মাতুব্বর একই এলাকার কাউছার মাতুব্বরের ছেলে। তারা দুই জন বন্ধু।

দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল ব্যাহত হয় এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল সামদানী আজাদ বলেন, সাকুরা পরিবহনের একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। গুরুতর আহত অপর আরোহীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button