বারিধারার কাছেও হারলো মোহামেডান

কোচ জসিম উদ্দীন জোশিকে ছাড়াই আগের ম্যাচে শেখ জামালকে হারিয়ে আলোচনায় এসেছিল ঢাকা মোহামেডান। কিন্তু মঙ্গলবার দুর্বল দল উত্তর বারিধারার কাছে ১-০ গোলে হেরেছে তারা। সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দশম স্থানে নেমে এসেছে সাদা কালো জার্সিধারীরা।
বেশ কয়েকটি সহজ সুযোগ মিস করে জয় হাত ছাড়া করেছে সাদা-কালো জার্সিধারীরা।
ম্যাচের ৮০ মিনিটে জয়সূচক গোলটি পায় বারিধারা। ইউসুফ আলি খান ও বিশ্বনাথ ঘোষ দুজনে মিলে বক্সের মধ্যে খালেকুজ্জামান সবুজকে ফাউল করলে পেনাল্টি পায় উত্তর বারিধারা। পেনাল্টি থেকে সবুজ সহজেই গোলরক্ষক মোহাম্মদ নেহালকে পরাস্ত করেন।
এর মধ্য দিয়ে মোহামেডান প্রথম পর্ব শেষ করলো হার দিয়ে। ১১ ম্যাচে এক জয়, ৬ ড্র এবং চার হার নিয়ে ৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে তারা। অন্যদিকে উত্তর বারিধারা দ্বিতীয় জয় নিয়ে সমান ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে। তাদের অবস্থান ১১তম।



