sliderস্থানিয়

বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়-সংবর্ধনা

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার ঐতিহ্যবাহী বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান আন্তরিকতা,আবেগ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা এবং পরীক্ষার পূর্বে তাদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (২৯ জুন) সকাল ১১টায় কলেজের নিজস্ব হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলাম বলেন, একজন শিক্ষার্থীর জীবনে এইচএসসি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আজকের এই বিদায় অনুষ্ঠান আমাদের জন্য যেমন আবেগঘন, তেমনি শিক্ষার্থীদের জীবনের নতুন যাত্রার সূচনাও বটে। আমরা বিশ্বাস করি, তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম আরও সমৃদ্ধ করবে।

তিনি আরও বলেন, তোমরা আমাদের সন্তানের মতো। তোমরা পরীক্ষার সময় সর্বোচ্চ মনোযোগ, সততা ও আত্মবিশ্বাস বজায় রেখে অংশগ্রহণ করবে। নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং ইতিবাচক মানসিকতা তোমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে সহায়ক হবে।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য ও মূল্যবান পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের দাতা সদস্য আবু রাহাত খান সিরাজ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে অধ্যবসায়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যেতে হবে। সফলতার জন্য কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া বক্তব্য দেন ইংরেজি বিভাগের প্রভাষক মো. মারুফ হোসাইন, অর্থনীতি বিভাগের প্রভাষক বিকাশ চন্দ্র এবং বিভাগদী রিজিয়া রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইকরামুল হক মোল্লা।

এসময় বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদায়ী শিক্ষার্থীরাও তাদের শিক্ষা জীবনের নানা স্মৃতি ও অনুভূতির কথা তুলে ধরে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সবশেষে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সার্বিক সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং উপস্থিত অতিথিরা অংশগ্রহণ করেন।

সার্বিকভাবে অনুষ্ঠানটি ছিল বিদায়ী শিক্ষার্থীদের জন্য এক স্মরণীয়, আবেগঘন ও অনুপ্রেরণামূলক আয়োজন, যা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনের পথচলায় নতুন উদ্দীপনা যোগাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button