শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: বুধবার সকালে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক সোনামসজিদ ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে রাষ্ট্রদূত সোনামসজিদ স্থলবন্দর ও ইমিগ্রেশন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এছাড়া সোনামসজিদ বিওপিতে বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে তিনি খোঁজখবর নেন।
প্রাচীন গৌড়ের ঐতিহাসিক নিদর্শনগুলো ঘুরে দেখার সময় এলাকার সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



