
মোঃ আব্দুজ জাহের,বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙামাটির সাজেক ভ্যালিতে ভ্রমণে এসে হারিয়ে যাওয়া এক পর্যটকের মোবাইল ফোন উদ্ধার করে মালিকের কাছে ফেরত দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর এই মানবিক ও দায়িত্বশীল উদ্যোগে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোবাইল ফোনের মালিক।
জানা যায়, গত ৫ জুন ২০২৬ তারিখে সাজেক ভ্রমণে আসা এক পর্যটকের ব্যবহৃত টেকনো ১০সি মডেলের মোবাইল ফোনটি পথিমধ্যে অসাবধানতাবশত হারিয়ে যায়। পরে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের অধীন ফেরোশাস ফোরটিন ক্যাম্পের কর্তব্যরত সেনাসদস্যরা ফোনটি খুঁজে পান।
পরবর্তীতে প্রকৃত মালিককে শনাক্ত করে শনিবার (৬ জুন) মোবাইল ফোনটি তার নিকট হস্তান্তর করা হয়।
হারানো ফোন ফিরে পেয়ে পর্যটক বাংলাদেশ সেনাবাহিনী, বাঘাইহাট জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি আশা করিনি আমার হারিয়ে যাওয়া ফোনটি ফিরে পাব। বাংলাদেশ সেনাবাহিনীর সততা, দায়িত্ববোধ ও মানবিকতা আমাকে মুগ্ধ করেছে। তাদের এই মহৎ উদ্যোগের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
স্থানীয়রা জানান, পার্বত্য অঞ্চলে নিরাপত্তা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনী আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে। হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি সেনাবাহিনীর সততা, পেশাদারিত্ব ও জনসেবামূলক কর্মকাণ্ডের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।




