
মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: নলছিটিতে ডাইসু ইঞ্জিন চালিত অনিবন্ধিত তিন চাকার (নম্বর বিহীন) একটি অবৈধ ট্রলি উল্টে গাড়ির নীচে চাপা পড়ে মালিক হানিফ মাঝি (৩৫) নিহত এবং চালক ইমন (২৩) গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৪ মে) সাড়ে ৯ টার দিকে উপজেলার মানপাশা -শিমুলতলা সড়কের বিরাট গ্রামের দত্ত বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম।
নিহত হানিফ মাঝি পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি গ্রামের সুলতান মাঝির ছেলে। আহত ইমন বাকেরগঞ্জ উপজেলার চরাদি গ্রামের জাকির হোসেনের ছেলে। এলাকাবাসী তাদের উদ্ধার করে আহত ইমনকে বরিশাল শেরে-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার (২৪ মে) সকালে উপজেলার মানপাশা বাজারে তেল খালাস করে হানিফ মাঝি ডাইসুর চালকসহ উপজেলার মানপাশা বাজার থেকে ট্রলিটি নিয়ে বাখরকাঠির উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে অতিরিক্ত গতির কারণে মানপাশা-শিমুলতলা সড়কের বিরাট গ্রামের দত্ত বাড়ি সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন মালিক হানিফ মাঝি। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, “সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”




