
মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: নলছিটিতে প্যালেস্টাইন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (ঊওওঘ: ১৩২৪১৩) কলেজের অধ্যক্ষের ঘুষিতে ওই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটরের দুইটি দাঁত ভেঙে পড়ে গেছে।
সোমবার (১৮ মে) বেলা ১১ টার দিকে উপজেলার কাঠিপাড়া এলাকার প্যালেস্টাইন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান কলেজের কম্পিউটার অপারেটর মো.ওয়াহিদুজ্জামানের সঙ্গে এই ঘটনা ঘটিয়েছেন।
ভুক্তভোগী কম্পিউটার অপারেটর মো.ওয়াহিদুজ্জামান জানান, কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান তার কাছ থেকে গত বছরের (২০২৫) কোরবানির পরে ২০০০০ (বিশ হাজার) টাকা ধার নেন। ধারের টাকা ফেরত চাইলেও অধ্যক্ষ তা না দিয়ে ৬-৭ মাস যাবৎ তাকে ঘুরাচ্ছেন। এক পর্যায় মাস তিনেক আগে তার পাওনা টাকা পরিশোধ করেন অধ্যক্ষ।
বিষয়টি কলেজের অন্যান্য শিক্ষক ও স্ট্যাফরা জেনে গেলে ক্ষিপ্ত হন অধ্যক্ষ। সোমবার (১৮ মে) সকালে ১১টার দিকে অধ্যক্ষ হাফিজুর রহমান তাকে অধ্যক্ষের কক্ষে ডেকে নিয়ে ওই টাকা ধার নেওয়া বিষয়ে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। একপর্যায়ে অধ্যক্ষ ক্ষিপ্ত হয়ে তার (কম্পিউটার অপারেটরের) মুখে কয়েকটি ঘুষি মারেন। এতে তার দুটি দাঁত ভেঙে পড়ে যায় এবং তিনি রক্তাক্ত জখম হন। আহত অবস্থায় তিনি ঝালকাঠি সদর হাসপাতালে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরে-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে গিয়ে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। আহত কম্পিউটার অপারেটরের মঙ্গলবার (১৯ মে) সকালে চিকিৎসা নিতে বরিশাল শেরে-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে গিয়েছেন।
অভিযুক্ত অধ্যক্ষ মো. হাফিজুর রহমান বিষয়টি স্বীকার করে জানান, “আমি একটু উত্তেজিত হয়ে পড়ায় এ ঘটনা ঘটেছে। এটা আমার ভুল হয়েছে। এ জন্য আমি দুঃখিত। কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাহেব অভিযোগের বিষয়টি ফয়সালা করবেন।”




