
পতাকা ডেস্ক: আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, বিএনপি-জামায়াতের দুরত্ব সংঘাতে রূপ নিলে লাভবান হবে আওয়ামীলীগ। তিনি আজ শুক্রবার চট্টগ্রাম মহানগর এবি পার্টির সংগঠক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। দলের ভাইস চেয়ারম্যান ও মহানগর কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুকের সভাপতিত্বে বিকেলে নগরীর একটি মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ আবুল কাশেম এবং এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ১৯৯১ সালে জামায়াতের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করেছিল। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে দুই দলের ছাত্র সংগঠনের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ক্রমে তাদের মধ্যে বৈরী সম্পর্ক তৈরী হয় ও প্রচুর রক্তপাত ঘটে, এরই ধারাবাহিকতায় ১৯৯৬ সালে আওয়ামিলীগ ক্ষমতায় আসে। সেই আত্মপর্যালোচনা ও উপলব্ধি থেকে ২০০১ সালে তারা আবার জোটবদ্ধ হয় এবং দীর্ঘ ২৫ বছর ক্ষমতার অংশীদারিত্বসহ রাজপথে সংগ্রামে একে অপরের সহযোগি হিসেবে কাজ করে। বর্তমানে তাদের একপক্ষ ক্ষমতায় এবং অন্যপক্ষ বিরোধী দলে। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে উভয় দলের মধ্যে আবারও ১৯৯১ সাল পরবর্তী মুখোমুখি অবস্থা ও দুরত্ব তৈরী হবার আশঙ্কা দেখা দিয়েছে। এই দুরত্ব ও সম্পর্কের অবনতি সংঘাতে রূপ নিলে স্বাভাবিকভাবেই লাভবান হবে পতিত ফ্যাসিবাদী আওয়ামীলীগ। তিনি বলেন, ক্যম্পাসগুলো ক্রমে উত্তপ্ত হয়ে উঠার পাশাপাশি বিভিন্ন স্থানে ক্ষমতাসীন বিএনপির অন্তকোন্দল ও বিএনপি-জামায়াত রক্তক্ষয়ী মারামারি শুরু হয়েছে। এ প্রবনতা এখনই নিয়ন্ত্রণ না করলে সরকার দ্রুতই আইন শৃঙ্খলার উপর নিয়ন্ত্রণ হারাবে। পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহারের অতীত প্র্যাকটিস আবার ফিরে আসার শংকা প্রকাশ করে জনাব মঞ্জু বলেন পুলিশ সংস্কার কমিশন গঠন, স্বাধীন বিচার বিভাগ ও দুদককে শক্তিশালী করণে সরকারের পশ্চাদপসরণ নীতি ভবিষ্যতে আরও ভয়ানক পরিস্থিতি তৈরি করতে পারে। তিনি থানা ও ওয়ার্ড পর্যায়ে এবি পার্টিকে শক্তিশালী ও বিস্তৃত করার জন্য নেতৃবৃন্দকে নানা দিকনির্দেশনা প্রদান করেন।
দলের নেতৃবৃন্দের মধ্যে আরোও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুগ্ম সদস্য সচিব যায়েদ হাসান চৌধুরী, এবি যুব পার্টি সভাপতি আবদুর রহমান মনির, চট্টগ্রাম মহানগর নেতা আতাউর রহমান নুর, তৌহিদ হোসেন রাকিল, এবি যুব পার্টি সদস্য সচিব মো জাবেদ, এবি শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, চট্টগ্রাম মহানগর নেতা আজগর হোসাইন, সঞ্জয় চৌধুরী বিশু, সুমন চৌধুরী, আরশাদ হোসাইন, যুব নেতা নাজমুল হোসেন ও ছাত্র নেতা অর্ক প্রমুখ।




