sliderস্থানিয়

কাপাসিয়ায় পুকুরে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

কাপাসিয়া প্রতিনিধি: কাপাসিয়া উপজেলায় মাদরাসার পুকুরে ডুবে আব্দুল্লাহ আল সাজীম (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে ফজরের নামাজ শেষে মাদরাসা ক্যাম্পাসে আম কুড়াতে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামে অবস্থিত “জামিয়া রশীদিয়া আশরাফিয়া খিরাটি” মাদরাসার শিক্ষার্থী সাজীম সহপাঠীদের সঙ্গে নামাজ আদায় করে। পরে সে একা পুকুর পাড়ে আম কুড়াতে গিয়ে পানিতে পড়ে যায়।

মক্তবে অনুপস্থিত থাকায় শিক্ষকরা খোঁজাখুঁজি শুরু করেন এবং পরে পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে তার পাগড়ি, ছাতা ও স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়। নিহত সাজীম নরসিংদী জেলা সদরের ঘোড়াদিয়া এলাকার কুয়েত প্রবাসী আব্দুর রহমান খোকনের ছেলে। স্বজনদের ভাষ্য অনুযায়ী, সে সাঁতার জানত না।

মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস সবুর জানান, এটি একটি দুর্ঘটনা। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সবসময় সচেষ্ট রয়েছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানান, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে এবং এ বিষয়ে তারা লিখিত জবানবন্দি দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button